প্রবাস

যুক্তরাজ্যে হৃদয়ে৭১ এর ‘লন্ডন ঘোষণা’ প্রকাশ

প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬ ০৫:১১

হৃদয়ে৭১ এর সংবাদ সম্মেলনে ঘোষনাপত্র পাঠ করছেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান

যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাঙালিদের কমিউনিটি সংগঠন ‘হৃদয়ে ৭১’ এর উদ্যোগে ঘোষিত হলো ‘লন্ডন ঘোষণা’।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলরুমে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এই ডিক্লিয়ারেশন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান ঘোষণাপত্রটি পাঠ করে শোনান।

প্রেসব্রিফিংয়ে দেওয়ান গৌস সুলতান বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে  জনগণের ভোটাধিকার মানবাধিকার ও আইনের শাসন আজ গভীর সংকটে পড়েছে। এই সংকট উত্তরণে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। লন্ডন ঘোষণা সেই ঐতিহাসিক দায়বদ্ধতারই একটি দলিল। বিতর্কিত জুলাই সনদের বিরুদ্ধে এই লন্ডন ঘোষণা। 

সভা সঞ্চালনা করেন হৃদয়ে একাত্তরের অন্যতম উদ্যোক্তা  আলীমুজ্জামান । প্রেসব্রিফিংয়ে বক্তব্য রাখেন হৃদয়ে একাত্তরের সংগঠক এডভোকেট শাহ ফারুক আহমদ, মতিউর রহমান, মুজিবুল হক মনি, আব্দুর রাজ্জাক, গোলাম রসুল খান। তারা বলেন বিচারহীনতা রাজনৈতিক নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রবাস থেকে সোচ্চার হওয়া আজ সময়ের দাবি। লন্ডন ঘোষণা সেই সংগ্রামকে শক্তিশালী করবে। সেইসাথে বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান এবং সারা দেশে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধপন্থী মানুষের উপর দমন-নিপীড়ন ও জেল জুলুমের তীব্র নিন্দা জানানো হয়। 

ব্রিফিংয়ে হৃদয়ে একাত্তরের পক্ষে আরও উপস্থিত ছিলেন মো. কিটন শিকদার, আব্দুল ওয়াদুদ, আব্দুল বাছির, আজিজুল আম্বিয়া, সমিরন বেগম প্রমুখ।

বায়ান্ননিউজ২৪/আবির

প্রবাস থেকে আরো পড়ুন