বিজ্ঞান ও প্রযুক্তি

তরুণদের এআই নিরাপত্তায় নতুন কাঠামো চালু করল মাইক্রোসফট

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ ০২:৪৬

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিশু ও কিশোরদের অনলাইনে নিরাপদ রাখতে নতুন একটি নিরাপত্তা কাঠামো চালু করেছে মাইক্রোসফট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সেফ পার্টিসিপেশন ফ্রেমওয়ার্ক নামের এই কাঠামো উন্মোচন করে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। প্রতিষ্ঠানের চিফ ডিজিটাল সেফটি অফিসার মাইক জ্যাকসন এবং চিফ প্রাইভেসি অফিসার ক্যারি বেনের যৌথ ব্লগপোস্টের মাধ্যমে এই ঘোষণা আসে।

মাইক্রোসফট জানিয়েছে, শিশু ও পরিবারগুলোকে প্রয়োজনীয় সুরক্ষা এবং প্রযুক্তির সুযোগের মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে, এমন পরিস্থিতি তারা চায় না। নতুন এই কাঠামোর লক্ষ্য এআই ব্যবহারে শিশু-কিশোরদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা।

তিনটি মূল স্তম্ভ

কাঠামোটি সাজানো হয়েছে তিনটি মূলনীতির ওপর ভিত্তি করে, নিরাপত্তা মাথায় রেখে প্রযুক্তি নির্মাণ, বয়স অনুযায়ী আলাদা অভিজ্ঞতা প্রদান, এবং শিক্ষা ও সচেতনতার মাধ্যমে ব্যবহারকারীদের ক্ষমতায়ন। মাইক্রোসফটের ভাষ্যমতে, পণ্য তৈরির শুরুতেই সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে, প্রতিটি ফিচারের প্রভাব যাচাই করে এবং ঝুঁকির মাত্রা অনুযায়ী যথাযথ সুরক্ষাব্যবস্থা যুক্ত করার পদ্ধতি অনুসরণ করা হবে, যাতে সমস্যা তৈরি হওয়ার পর সমাধানের বদলে শুরু থেকেই নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া যায়।

বয়সভিত্তিক এই সুরক্ষার অংশ হিসেবে মাইক্রোসফটের এআই সহকারী কপাইলট ব্যবহারের জন্য এখন থেকে সব ব্যবহারকারীর সাইন ইন করা বাধ্যতামূলক করা হয়েছে। ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য কপাইলট ব্যবহারের সুযোগ বন্ধ রাখা হয়েছে, তবে কোনো দেশের স্থানীয় আইনে এর চেয়ে বেশি বয়সসীমা নির্ধারিত থাকলে সেটিই কার্যকর হবে।

ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে বাড়তি সুরক্ষা

ঝুঁকিপূর্ণ কনটেন্টের সংস্পর্শ কমাতে বেশ কিছু নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো ব্যবহারকারীর মধ্যে আত্মহানির ঝুঁকির লক্ষণ শনাক্ত হলে তাকে সংকট মোকাবিলা সহায়তাকারী সেবার তথ্য দেখানো হবে। পাশাপাশি ব্যবহারে বিরতি নেওয়ার অনুস্মারক, ক্ষতিকর কনটেন্ট বা আচরণ রিপোর্ট করার সুবিধা এবং বাস্তবতা-বিচ্ছিন্ন বা বিভ্রান্তিকর এআই উত্তরের বিরুদ্ধে সুরক্ষা-ব্যবস্থাও যুক্ত করা হয়েছে।

মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংয়েও শিশু নির্যাতনমূলক উপকরণ ঠেকাতে জেনারেটিভ এআই সেবার নিরাপত্তা জোরদার করা হয়েছে, পাশাপাশি সেফসার্চ সুবিধায় আরও কয়েক ধরনের ক্ষতিকর কনটেন্ট অন্তর্ভুক্ত করে তা বিশ্বব্যাপী সম্প্রসারণ করা হয়েছে।

এ ছাড়া উইন্ডোজ এজ নামের একটি নতুন এপিআই চালু করেছে প্রতিষ্ঠানটি, যার মাধ্যমে ডেভেলপাররা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা অক্ষুণ্ণ রেখেই তার বয়স-সংক্রান্ত প্রয়োজনীয় সংকেত পেতে পারবেন, ফলে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য সংগ্রহ ছাড়াই বয়স-উপযোগী সেবা তৈরি সম্ভব হবে।

শিল্পজুড়ে একই ধরনের উদ্যোগ

উল্লেখযোগ্য বিষয় হলো, একই সপ্তাহে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআইও তাদের চ্যাটজিপিটির জন্য কিশোরদের নিরাপত্তায় নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে, যার মধ্যে রয়েছে বয়স অনুমান ও যাচাইকরণ ব্যবস্থা এবং ১৩ থেকে ১৭ বছর বয়সীদের জন্য আলাদা সংস্করণ চালুর পরিকল্পনা। প্রযুক্তি খাতে এআই চ্যাটবটের সম্ভাব্য ক্ষতির বিষয়ে মার্কিন সিনেটের শুনানির প্রেক্ষাপটে এই দুই প্রতিষ্ঠানের প্রায় একই সময়ে এমন উদ্যোগ শিশু নিরাপত্তা ইস্যুতে সামগ্রিক শিল্পের মনোযোগ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

মাইক্রোসফট জানিয়েছে, শুধু প্রযুক্তির মাধ্যমে অনলাইনে সম্পূর্ণ নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। তাই আগামী বছরগুলোতে গবেষক, এআই নিরাপত্তা প্রতিষ্ঠান, বিভিন্ন দেশের সরকার এবং সামাজিক সংগঠনগুলোর সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: মাইক্রোসফট অন দ্য ইস্যুজ, আনাদোলু এজেন্সি।

বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আরো পড়ুন