যুক্তরাজ্যে হৃদয়ে৭১ এর ‘লন্ডন ঘোষণা’ প্রকাশ
যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাঙালিদের কমিউনিটি সংগঠন ‘হৃদয়ে ৭১’ এর উদ্যোগে ঘোষিত হলো ‘লন্ডন ঘোষণা’।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি হলরুমে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এই ডিক্লিয়ারেশন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান ঘোষণাপত্রটি পাঠ করে শোনান।

প্রেসব্রিফিংয়ে দেওয়ান গৌস সুলতান বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে জনগণের ভোটাধিকার মানবাধিকার ও আইনের শাসন আজ গভীর সংকটে পড়েছে। এই সংকট উত্তরণে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। লন্ডন ঘোষণা সেই ঐতিহাসিক দায়বদ্ধতারই একটি দলিল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হৃদয়ে একাত্তরের সংগঠক এডভোকেট শাহ ফারুক আহমদ। তিনি বলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয় প্রভাবমুক্ত না হলে গণতন্ত্র টেকসই হবে না। লন্ডন ঘোষণা একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনের রূপরেখা।
সভা সঞ্চালনা করেন হৃদয়ে একাত্তরের অন্যতম উদ্যোক্তা আলীমুজ্জামান । তিনি বলেন, এই ঘোষণাপত্র ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি নৈতিক ও রাজনৈতিক দিকনির্দেশনা। এতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার স্পষ্ট পথনকশা রয়েছে।
প্রেসব্রিফিংয়ে আরও বক্তব্য রাখেন মতিউর রহমান, মুজিবুল হক মনি, আব্দুর রাজ্জাক, গোলাম রসুল খান। তারা বলেন বিচারহীনতা রাজনৈতিক নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রবাস থেকে সোচ্চার হওয়া আজ সময়ের দাবি। লন্ডন ঘোষণা সেই সংগ্রামকে শক্তিশালী করবে।
ব্রিফিংয়ে হৃদয়ে একাত্তরের পক্ষে আরও উপস্থিত ছিলেন মো. কিটন শিকদার, আব্দুল ওয়াদুদ, আব্দুল বাছির, আজিজুল আম্বিয়া, সমিরন বেগম প্রমুখ।
ঘোষণাপত্রে যেসব গুরুত্বপূর্ণ বিষয় ও দাবি উত্থাপন করা হয়েছে সেগুলো সংক্ষেপে নিচে তুলে ধরা হলো:
* জনগণের সার্বভৌম ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রে জনগণকে ফিরিয়ে আনার দাবি
* অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা
* আইন আদালতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে আইনের শাসন ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া প্রতিষ্ঠা
* বিচারবহির্ভূত হত্যা গুম নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত
* দোষীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা
* মত প্রকাশের স্বাধীনতা সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা
* ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল দমনমূলক আইন বাতিলের দাবি
* রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং প্রতিহিংসার রাজনীতির অবসান
* ধর্ম বর্ণ মত ও পরিচয়ের ভিত্তিতে সব ধরনের সহিংসতা বন্ধ এবং সাম্প্রদায়িকতা ও উগ্রবাদ প্রতিরোধ
* সামাজিক সম্প্রীতি জোরদার করে রাষ্ট্রীয় ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা
* ১৯৭২ সালের সংবিধানের মৌলিক চেতনা সংরক্ষণ এবং সংবিধান বিরোধী সকল কার্যক্রম বন্ধ
* রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের দলীয়করণ বন্ধ করে জবাবদিহিমূলক ও স্বচ্ছ শাসনব্যবস্থা গড়ে তোলা
* জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার পূর্ণ বাস্তবায়ন
প্রেসব্রিফিংয়ে বক্তারা আশা প্রকাশ করেন লন্ডন ঘোষণার মাধ্যমে দেশে ও প্রবাসে অবস্থানরত গণতন্ত্রকামী মানুষ একটি অভিন্ন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হবে এবং বাংলাদেশের জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।
সভায় লন্ডন বাংলা প্রেসক্লাব এবং যুক্তরাজ্য রিপোটার্স ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান হৃদয়ে৭১ এর আহ্বায়ক দেওয়ান গৌস সুলতান।
বায়ান্ননিউজ২৪/আবির
আইটি ল্যাব সলিউশন্স লি.