ছবি: বায়ান্ননিউজ
যুক্তরাজ্যে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদ, শেখ মুজিব রিসার্চ সেন্টার ও মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাজ্যের যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেনের সভাপতিত্বে, উর্মী মাজহারের সঞ্চালনায় শুরুতেই ১৫ আগস্টের কালরাতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং পরিবারের অন্যান্য সদস্যসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা করেন বক্তারা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, বীর মুক্তিযোদ্ধা মুসা হাসান, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মিফতা ইসলাম, কবি শামীমা আজাদ, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও কমিউনিটি ব্যক্তিত্ব আলীমুজ্জামান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য জাসদের সভাপতি মুজিবুল হক মনি, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ভিপি খসরুজ্জামান খসরু, অলক সাহা, মাহমুদুর রহমান শানু, সাংবাদিক ও রাজনৈতিক অ্যাকটিভিস্ট গোলাম রসুল খান, সাংবাদিক মোরসালিন মিজানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁর স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণ করা রাষ্ট্র ও জাতির দায়িত্ব। একই সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরে সাধারণ মানুষকে শ্রদ্ধা জানাতে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান তারা। ঐতিহাসিক এই বাসভবন যথাযথভাবে সংরক্ষণে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ারও দাবি জানান বক্তারা।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্মরণে গান ও কবিতা আবৃত্তি করেন শতরূপা চৌধুরী, স্মৃতি আজাদ ও ধনঞ্জয় পাল। তাদের পরিবেশনায় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজক সংগঠনগুলোর নেতারা বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে যুক্তরাজ্যে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। বিশ্বপরিসরে বঙ্গবন্ধুর মর্যাদা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
পরে উপস্থিত সবাই সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
প্রবাস থেকে আরো পড়ুন