প্রবাস

বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের বাধ্যতামূলক ‘ভিসা বন্ড’

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ ০৩:১২

বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের নাগরিকদের জন্য মার্কিন ‘ভিসা বন্ড’ কর্মসূচি স্থায়ী করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নীতির আওতায় নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবসা ও পর্যটন ভিসা (বি-১ ও বি-২) আবেদনকারীদের সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড বা নিরাপত্তা জামানত জমা দিতে হতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পরীক্ষামূলকভাবে চালু করা ভিসা বন্ড কর্মসূচি ইতিবাচক ফল দেওয়ায় সেটিকে স্থায়ী করা হয়েছে। নতুন নিয়ম আগামী ৩ আগস্ট থেকে কার্যকর হবে।

নতুন তালিকায় বাংলাদেশ, নেপাল ও ভুটানসহ মোট ৫০টি দেশ অন্তর্ভুক্ত হলেও ভারত এতে নেই। তালিকার অধিকাংশ দেশ আফ্রিকা মহাদেশের।

ফেডারেল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসার শর্ত যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে প্রয়োজন মনে করলে কনস্যুলার কর্মকর্তা আবেদনকারীর কাছ থেকে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে বলতে পারবেন। এই বিধান মূলত ব্যবসা ও পর্যটন ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এর আগে ২০২৫ সালে পরীক্ষামূলক কর্মসূচির আওতায় ৫ হাজার, ১০ হাজার ও ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড নেওয়ার সুযোগ ছিল। নতুন সিদ্ধান্তে ৫ হাজার ডলারের বিকল্প বাদ দিয়ে সর্বোচ্চ বন্ডের পরিমাণ ২০ হাজার ডলারে উন্নীত করা হয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অনেক বিদেশি নাগরিক দেশটিতে অবৈধভাবে অবস্থান করেন। সেই প্রবণতা কমানো এবং ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করতেই এই ব্যবস্থা স্থায়ী করা হয়েছে।

তবে অভিবাসন অধিকারকর্মীরা এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাদের মতে, উচ্চ অঙ্কের বন্ড বৈধ ভ্রমণকারীদের জন্য অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করবে এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিরুৎসাহিত করতে পারে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা জোরদার এবং ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধে এই নীতি প্রয়োজনীয়।

সূত্র: এনডিটিভি, রয়টার্স।

প্রবাস থেকে আরো পড়ুন