ফাইল ছবি
আসন্ন বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে স্কটল্যান্ডকে। আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার মূল আলোচ্য বিষয় ছিল বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত। ভোটাভুটির মাধ্যমে আইসিসি বোর্ড সিদ্ধান্ত নেয়, বাংলাদেশকে খেলতে হলে ভারতেই যেতে হবে, অন্যথায় বিকল্প দল নেওয়া হবে।
আইসিসি বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় দেয়। তবে নির্ধারিত সময় পার হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অবস্থান পরিবর্তন না করায় শেষ পর্যন্ত স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে জায়গা পাবে। গ্রুপ পর্বে তারা ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। এই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়। গ্রুপের শেষ ম্যাচে মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড।
আইসিসির সিইও সংযোগ গুপ্ত আনুষ্ঠানিকভাবে বোর্ড সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবিগুলো আইসিসির নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। চিঠিতে উল্লেখ করা হয়, আইসিসি বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না। চিঠির অনুলিপি বিসিবি সভাপতি ও আইসিসি বোর্ড সদস্য আমিনুল ইসলামকেও পাঠানো হয়েছে।
একই সঙ্গে আইসিসি স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডকে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে। যদিও ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেড এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে আইসিসি ও ক্রিকেট স্কটল্যান্ডের মধ্যে যোগাযোগ হয়েছে বলে জানা গেছে।
এর আগে ভেন্যু পরিবর্তনের শেষ প্রচেষ্টা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির কাছে আপিল করেছিল। তবে সেই আপিল খারিজ হলে আইসিসির সিদ্ধান্তই চূড়ান্তভাবে বহাল থাকে।
বায়ান্ননিউজ২৪/সৈকত
প্রচ্ছদ থেকে আরো পড়ুন