প্রচ্ছদ

খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোকবার্তা

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫ ০৩:৩৮

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা এবং রাজনৈতিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, নেতৃত্ব এবং বাংলাদেশের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করে একাধিক রাষ্ট্রনেতা শোকবার্তা দিয়েছেন।

শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি খালেদা জিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার সঙ্গে ২০১৫ সালে ঢাকায় সাক্ষাতের স্মৃতিও স্মরণ করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, শোকের এই সময়ে পাকিস্তান বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন।

নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি এক শোকবার্তায় বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোক প্রকাশ করে তার পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান।

চীন সরকারও খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো শোকবার্তায় বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান চীনের জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ভবিষ্যতেও এই সম্পর্ক অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাপান সরকারও শোক প্রকাশ করেছে। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এক বার্তায় বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দেশটির রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাপান তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানায়।

যুক্তরাষ্ট্রও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে খালেদা জিয়ার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ এবং তার নেতৃত্ব দেশের উন্নয়নে বিশেষ অবদান রেখেছে। একইভাবে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও জার্মানিও শোক জানিয়ে তার রাজনৈতিক অবদান স্মরণ করেছে।

ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে তারা শোকাহত। জাতিসংঘও এক শোকবার্তায় তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার দুপুরে সংসদ ভবন এলাকায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার দিন সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বহু দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পালন করা খালেদা জিয়ার মৃত্যুতে দেশ ও বিদেশে শোকের আবহ বিরাজ করছে। বিশ্বনেতাদের শোকবার্তায় উঠে এসেছে তার নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা এবং বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় অবদানের কথা।

প্রচ্ছদ থেকে আরো পড়ুন