প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬ ১৯:৩৫
সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস ইদ আল ইতিহাদ উপলক্ষে দেশটির শাসকগোষ্ঠী রাজকীয় ক্ষমার আওতায় ৪৪০ জন বাংলাদেশি কারাবন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগকে আমিরাতের দীর্ঘদিনের মানবিক ও সহানুভূতিশীল রাষ্ট্রীয় ঐতিহ্যের অংশ হিসেবে দেখা হচ্ছে।
বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদযাপনের অংশ হিসেবে বিভিন্ন দেশের হাজারো বন্দির সঙ্গে বাংলাদেশি নাগরিকদেরও ক্ষমা করা হয়েছে।
দূতাবাস জানায়, প্রতি বছর জাতীয় দিবস, ঈদসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাষ্ট্রীয় উৎসব উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা এ ধরনের রাজকীয় ক্ষমা ঘোষণা করে থাকেন। এর মূল লক্ষ্য হলো ক্ষমাশীলতা, সামাজিক পুনর্বাসন এবং পরিবারে ফিরে যাওয়ার সুযোগ সৃষ্টি করা।
কর্মকর্তারা জানান, ২০২৫ সালের শেষভাগে বাস্তবায়িত এই ক্ষমা কর্মসূচির ফলে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকরা নতুন করে জীবন শুরু করার এবং পরিবারের সঙ্গে পুনর্মিলনের সুযোগ পাচ্ছেন।
মানবিক এই উদ্যোগের মাধ্যমে আমিরাতের শাসকগোষ্ঠী যে সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতার মূল্যবোধে বিশ্বাস করে, তা আবারও স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস ইদ আল ইতিহাদ প্রতি বছর ২ ডিসেম্বর পালিত হয়। ১৯৭১ সালে সাতটি আমিরাত এক পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়ার ঐতিহাসিক স্মরণেই এই দিনটি উদযাপন করা হয়।
সূত্র: বাসস।
প্রচ্ছদ থেকে আরো পড়ুন