প্রকাশ: ১০ মে ২০২৬ ০৩:৫৯
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংবিধান সংস্কার ও গণভোটের বিষয়ে শুরুতে একমত থাকলেও সরকার গঠনের পর বিএনপি অবস্থান পরিবর্তন করেছে। এতে জনগণের দেওয়া রায়ের প্রতি অসম্মান প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার বিকেলে পঞ্চগড় চেম্বার অব কমার্স মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার দাবি করেন, জুলাই সনদ, সংবিধান সংস্কার এবং গণভোটের পুরো প্রক্রিয়ায় বিএনপি শুরু থেকেই যুক্ত ছিল। কিন্তু পরবর্তীতে তারা সংবিধান সংস্কার প্রশ্নে ভিন্ন অবস্থান নেয়, যা রাজনৈতিকভাবে অসঙ্গত বলে মনে করছে জামায়াত।
তিনি বলেন, গণভোটে জনগণ সরাসরি সংস্কারের পক্ষে মত দিয়েছে। সেই রায়কে এখন অস্বীকার করা মানে জনগণের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করা।
জামায়াতের এই নেতা আরও বলেন, জুলাই সনদে বিভিন্ন দলের মতপার্থক্য থাকলেও গণভোটে সাধারণ মানুষ সরাসরি ভোট দিয়ে মতামত প্রকাশ করেছে। সেখানে অধিকাংশ ভোটার সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ায় বিষয়টি এখন বাস্তবায়নের দিকে নেওয়া উচিত।
সংবিধান সংস্কারের বিভিন্ন প্রস্তাবের কথা উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব আলাদা করা, উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষ নিয়োগ ব্যবস্থা এবং বিচারপতি নিয়োগে আলাদা সার্চ কমিটি গঠনের মতো বিষয়গুলো বাস্তবায়ন জরুরি।
তিনি অভিযোগ করেন, বর্তমান ব্যবস্থায় একক ক্ষমতার সুযোগ থেকে ভবিষ্যতে স্বৈরাচারী শাসনের ঝুঁকি তৈরি হতে পারে। তাই সংসদের আগামী অধিবেশনেই সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডেকে গণভোটের সিদ্ধান্ত কার্যকরের আহ্বান জানান তিনি।
বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্ক নিয়েও কথা বলেন গোলাম পরওয়ার। তিনি বলেন, অতীতে বিএনপি-জামায়াত একসঙ্গে রাজনৈতিক কর্মসূচি পালন করলেও এখন অনেক বিএনপি নেতা জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন।
তিনি আরও বলেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপির অনুরোধেই জামায়াত নেতারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন, কারণ তখন দলটির নিবন্ধন ছিল না।
রাজনীতি থেকে আরো পড়ুন