প্রকাশ: ৩১ মে ২০২৬ ২৩:২৪
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) ঐতিহাসিক জয়ের পর ফ্রান্সজুড়ে শুরু হয় ব্যাপক উল্লাস। তবে সেই আনন্দই একপর্যায়ে রূপ নেয় সহিংসতায়। রাজধানী প্যারিসসহ বিভিন্ন এলাকায় ফুটবল সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত ২১৯ জন আহত হয়েছেন।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয়। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫৭ পুলিশ সদস্যও।
সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৭৮০ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে কয়েকশ’কে হেফাজতে নেওয়া হয়েছে। প্যারিসের বিভিন্ন এলাকায় যানবাহনে আগুন, দোকান ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্যারিসের রিং রোড এলাকায় সড়ক অবরোধের সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া পৃথক সংঘর্ষে আরও একজন কিশোর গুরুতর আহত হয়েছে।
এর মধ্যেই রোববার পিএসজির বিজয় প্যারেড ঘিরে রাজধানীতে আরও প্রায় ৬ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। আইফেল টাওয়ারসংলগ্ন এলাকায় হাজার হাজার সমর্থক দলটির খেলোয়াড়দের স্বাগত জানান।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও পিএসজি দলকে অভিনন্দন জানানোর কথা রয়েছে। তবে সহিংসতার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ফ্রান্সজুড়ে।
ক্রীড়াঙ্গন থেকে আরো পড়ুন