আবুল কাশেম রুমন, সিলেট ব্যুরো :
পবিত্র ঈদুল আযহার ছুটিকে কেন্দ্র করে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। বিশেষ করে কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরে শুক্রবার সকাল থেকেই ভিড় করেন হাজারো পর্যটক। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে পাহাড়, পাথর আর স্বচ্ছ পানির সৌন্দর্য উপভোগে মেতে ওঠেন দর্শনার্থীরা।
ঈদের দ্বিতীয় দিনে সাদাপাথর এলাকায় গিয়ে দেখা যায়, তীব্র গরম উপেক্ষা করেই পর্যটকেরা নেমেছেন স্বচ্ছ নীল জলে। কেউ সেলফি তুলছেন, কেউ ছবি ধারণ করছেন, আবার অনেকে নৌকাভ্রমণ কিংবা ঘোড়ার পিঠে চড়ে আনন্দ উপভোগ করছেন। পুরো এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
কুমিল্লা থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা আফরিন বলেন, “সাদাপাথরের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ। তবে পর্যটকদের সুবিধার জন্য আরও উন্নত অবকাঠামো প্রয়োজন।”
দীর্ঘদিন পর এমন পর্যটকের ভিড়ে খুশি স্থানীয় ব্যবসায়ী, নৌকার মাঝি ও ফটোগ্রাফাররাও। তারা বলছেন, ঈদের ছুটিকে ঘিরে পর্যটক বাড়ায় তাদের আয়-রোজগারেও স্বস্তি ফিরেছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, পর্যটকদের নিরাপত্তায় থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও সাদা পোশাকের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
শুধু সাদাপাথর নয়, সিলেট বিভাগের বিভিন্ন চা-বাগান, মৌলভীবাজারের মাধবকুণ্ড, শ্রীমঙ্গল, টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন পর্যটন স্পটেও ছিল ব্যাপক পর্যটক সমাগম। এছাড়া বিভিন্ন বিনোদন পার্কেও ছিল দর্শনার্থীদের ভিড়।
বাংলাদেশ থেকে আরো পড়ুন