প্রবাস

ফ্লোরিডায় বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু

প্রকাশ: ০১ মে ২০২৬ ২৩:১২

নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়া বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত করেছে স্থানীয় পুলিশ। ফ্লোরিডা পুলিশ বিভাগ বৃষ্টির ভাইকে ফোন করে উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি তার বলে নিশ্চিত করেছে।

শুক্রবার (১ মে) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। দূতাবাস সূত্রে জানা গেছে, পরিবারের অনুরোধে বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।

এদিকে একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ৪ মে দেশে পৌঁছানোর কথা রয়েছে। জানা গেছে, ২ মে রাতে অরল্যান্ডো থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। দুবাইয়ে ট্রানজিট শেষে ৪ মে সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

নিহত জামিল লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টিও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গত ১৬ এপ্রিল থেকে তারা দুজন নিখোঁজ ছিলেন।

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার লিমনের মরদেহ উদ্ধার করা হয়। পরে গত রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ এলাকার একটি জলাশয় থেকে বৃষ্টির মরদেহের অংশ উদ্ধার করে পুলিশ।

ঘটনাটি নিয়ে বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত অব্যাহত রেখেছে।

প্রবাস থেকে আরো পড়ুন