বাংলাদেশ

চট্টগ্রামে মাইক্রোবাস খাদে, নিহত ৩

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ ১১:৪৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল জানান, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। চুনতি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কালো রঙের মাইক্রোবাসটি জাঙ্গালিয়া চেকপোস্টের কাছে এসে প্রথমে একটি গাছে ধাক্কা খেয়ে পরে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

লোহাগাড়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফিরোজ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি জানান, আহতদের আগেই হাসপাতালে নেওয়া হয়েছিল।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য হতে পারেন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন