ঈদের আনন্দ আর ঘরে ফেরা হলো না মা ও ছোট্ট শিশুর। নতুন পোশাক কিনে বাড়ি ফেরার পথে নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এক নারী ও তার দেড় বছর বয়সী ছেলে।
বুধবার (২৭ মে) সন্ধ্যায় নরসিংদী রেলস্টেশন এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবপুর উপজেলার কারারচর এলাকার বাসিন্দা সাথী বেগম (২৭) এবং তার ১৮ মাস বয়সী ছেলে সাফওয়ান হাসেন।
স্বজনরা জানান, দিনমজুর সুজন মিয়া ঈদুল আজহা উপলক্ষে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নরসিংদী শহরে কেনাকাটা করতে এসেছিলেন। সন্তানদের জন্য নতুন জামা-কাপড় কেনার পর বাড়ি ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মা ও ছেলে ছিটকে পড়েন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার পর শোকে ভেঙে পড়েন স্বামী সুজন মিয়া। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “চোখের সামনে আমার স্ত্রী আর ছেলেকে হারালাম। ট্রেন দেখে চিৎকার করেছি, কিন্তু বাঁচাতে পারিনি।”
রেলওয়ে পুলিশ জানিয়েছে, স্টেশনের একটি লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকায় পরিবারটি অন্য লাইন অতিক্রম করছিল। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী দ্রুতগতির ট্রেনটি এসে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন