নিহত তরুণী নিশাত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক পারাপারের সময় ময়লার ট্রাকের ধাক্কায় বাংলাদেশি এক তরুণীর মৃত্যু হয়েছে।
নিহত নিশাত জান্নাত (১৯) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর ঘরগাঁও গ্রামের বাসিন্দা।
স্থানীয় সময় রোববার (৩০ মার্চ) দিবাগত রাত প্রায় ১২টার দিকে কুইন্সের উডসাইড এলাকায়, জ্যাকসন হাইটসের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিউইয়র্ক পুলিশ জানায়, রুজভেল্ট অ্যাভিনিউ ধরে পশ্চিমমুখী একটি ময়লার ট্রাক ৬২ স্ট্রিটে উত্তরমুখী লেইনে ডানদিকে মোড় নেওয়ার সময় নিশাতকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা সেবাকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।
নিশাত জান্নাত নিউইয়র্ক সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি জ্যামাইকার পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি চার বোনের মধ্যে দ্বিতীয়। তার বাবা হেলাল উদ্দিন কুইন্সের উডসাইড এলাকায় বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। উন্নত ভবিষ্যতের আশায় প্রায় আট বছর আগে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তারা।
নিহতের বড় বোন নওশিন জান্নাত বলেন, “আমার বোন খুব আশাবাদী ছিল। সবাইকে আল্লাহর ওপর ভরসা রাখতে বলত।”
এদিকে, নিহত নিশাত জান্নাতের জানাজা মঙ্গলবার (৩১ মার্চ) বাদ জোহর বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে নিউইয়র্কেই তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
দুর্ঘটনায় জড়িত ট্রাকটির চালক ৩৮ বছর বয়সী এক নারী। তিনি ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আহত হয়ে চিকিৎসা নেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
নিউইয়র্ক পুলিশের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনাটি তদন্ত করছে। ট্রাকটির মালিক প্রতিষ্ঠান রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস জানিয়েছে, তারা তদন্তে পুলিশকে সহযোগিতা করছে এবং ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে।
এই মর্মান্তিক ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
প্রবাস থেকে আরো পড়ুন