মালদ্বীপের দিগুড়া দ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে একটি গেস্ট হাউসে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ভেতর থেকে সাতজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহত জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহতদের মধ্যে একজন আইসিইউতে এবং অন্যজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা সংকটাপন্ন।
তিনি আরও বলেন, ঘটনার পর হাইকমিশনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
দুর্ঘটনার কারণ জানতে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
প্রবাস থেকে আরো পড়ুন