প্রবাস

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে বাংলাদেশিসহ নিহত ৩, আহত ৫৮

প্রকাশ: ০১ মার্চ ২০২৬ ২০:৪১

উত্তপ্ত মধ্যপ্রাচ্য । ছবি: সংগৃহীত ।

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া একজন পাকিস্তানি ও একজন নেপালি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে গালফ নিউজ।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, চলমান সংঘাত শুরুর পর ইরান থেকে এখন পর্যন্ত ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৫৪১টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। যুদ্ধ শুরুর দ্বিতীয় দিনের সকাল পর্যন্ত অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার মধ্যে আটটি সমুদ্রে পড়ে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৩১১টি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। তবে ২১টি ড্রোন বেসামরিক অবকাঠামোয় আঘাত হানে। ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৫২টি মাঝ আকাশে প্রতিহত করা হয়েছে এবং বাকি ১৩টি সমুদ্রে পড়েছে। তাদের দাবি, আমিরাতের মূল ভূখণ্ডে সরাসরি কোনো ক্ষেপণাস্ত্র আঘাত করেনি।

তবে এসব হামলার মধ্যেই তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যেও বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, যদিও সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

নিহত বাংলাদেশি নাগরিকের নাম, বয়স বা কোন প্রদেশের বাসিন্দা সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও এ বিষয়ে বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। পরিচয় নিশ্চিত হলে বায়ান্ন নিউজ তা হালনাগাদ করবে।

বিশ্লেষকদের মতে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি করা হলেও ড্রোন হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় হতাহতের ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এ ঘটনায় আমিরাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দূতাবাস সূত্রে জানা গেছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তার প্রস্তুতি রয়েছে।

প্রবাস থেকে আরো পড়ুন