প্রবাস

সৌদিতে সড়ক দুর্ঘটনা লক্ষ্মীপুরের একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:২২

সৌদি আরবের আবহা শহরে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একই পরিবারের চার সদস্য রয়েছেন। এ ঘটনায় পরিবারের আরেক কন্যা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরা হলেন মিজানুর রহমান (৪২), তার স্ত্রী মেহের আফরোজ সুমী (৩০), তাদের মেয়ে মোহনা (১৩), দেড় বছর বয়সী শিশু সুবাহ এবং বাবর (৩০)। আহত ফাইজা আক্তার (১১) বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

স্বজনদের বরাতে জানা গেছে, স্থানীয় সময় রোববার রাত তিনটার দিকে এবং বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

পরিবারের সদস্য ব্যবসায়ী বাহারুল আলম জানান, তার ছোট ভাই মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান।

নিহত মিজানুর রহমানের মামাত ভাই রিফাতুল ইসলাম বলেন, পার্শ্ববর্তী গ্রামের এক প্রবাসীর মাধ্যমে তারা দুর্ঘটনার খবর নিশ্চিত হয়েছেন।

রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। মরদেহ দেশে আনার বিষয়ে পরিবারের সিদ্ধান্ত হলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা দ্রুত মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

বায়ান্ননিউজ২৪/আবির

প্রবাস থেকে আরো পড়ুন