প্রবাস

লন্ডনের স্কুলে ছুরিকাঘাত: দুই শিক্ষার্থী আহত, সন্দেহভাজন পলাতক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৬ ২৩:২৪

ছবি : প্রতীকী

যুক্তরাজ্যের উত্তর পশ্চিম লন্ডনের কিংসবারি হাই স্কুলে ছুরিকাঘাতের ঘটনায় দুই কিশোর শিক্ষার্থী আহত হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম ও পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনায় একজন সন্দেহভাজনকে শনাক্ত করা হলেও এখনো তাকে আটক করা যায়নি।

সোমবার দুপুর ১টার কিছু আগে ক্লাস চলাকালীন স্কুলের ভেতরে ১২ ও ১৩ বছর বয়সী দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তারা বর্তমানে চিকিৎসাধীন।

ঘটনার পরপরই স্কুলে লকডাউন জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষার্থীদের ধাপে ধাপে স্কুল থেকে বের করে আনা হয়। নিরাপত্তাজনিত কারণে পুরো এলাকা ঘিরে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে, তবে সে এখনো পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে। পুলিশ সাধারণ জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ঘটনার বিষয়ে তথ্য থাকলে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে।

একজন অভিভাবক জানান, ঘটনার ঠিক আগের ক্লাসে তার সন্তান ওই শ্রেণিকক্ষে উপস্থিত ছিল, যা অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। স্কুলে এ ধরনের সহিংসতা শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে ব্রিটিশ গণমাধ্যমে মন্তব্য করা হয়েছে।

প্রবাস থেকে আরো পড়ুন