বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেন
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রেখে ভোট আয়োজনের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লন্ডনের ওয়েস্টমিনস্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগ-এর সভাপতি জালাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাজিদুর রহমান। সমাবেশে বক্তারা দাবি করেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে অনুষ্ঠিত কোনো নির্বাচনই অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হতে পারে না।
সমাবেশে বক্তব্য দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ও আব্দুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান ও রনজিত সরকারসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ইতিহাসে আওয়ামী লীগের ভূমিকা অনস্বীকার্য। সেই দলকে বাইরে রেখে নির্বাচন আয়োজন মানে জনগণের ভোটাধিকার হরণ করা। তারা অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক প্রক্রিয়ায় একতরফাভাবে আওয়ামী লীগকে বাদ দেওয়ার মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা আব্দুল আহাদ চৌধুরী, যুবলীগ নেতা সেলিম খান, জামাল আহমদ খানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের আহ্বান জানান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন।
বিক্ষোভকারীরা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। শান্তিপূর্ণ এই সমাবেশে বাংলাদেশ ও আওয়ামী লীগের পক্ষে নানা স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
সমাবেশ শেষে নেতারা জানান, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক সমাধান টেকসই হতে পারে না এবং গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য অবিলম্বে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পথ তৈরি করতে হবে।
বায়ান্ননিউজ২৪/এডিটর ইন চীফ
প্রবাস থেকে আরো পড়ুন