ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টারের বোল্টনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন সিলেটী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ বাংলাদেশি ট্যাক্সিচালক ও অপর তিনজন কিশোর। এই ঘটনায় যুক্তরাজ্যজুড়ে বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোক।
ঘটনাটি ঘটে ১০ জানুয়ারি স্থানীয় সময় দিবাগত রাত পৌণে একটার দিকে বোল্টনের উইগান রোডে। একটি গাঢ় রঙের সিট্রোয়েন ট্যাক্সির সঙ্গে একটি লাল রঙের সিট গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।
পুলিশ জানায় দুর্ঘটনায় নিহতদের মধ্যে উভয় গাড়ির চালকও রয়েছেন। নিহত তিন কিশোরের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে এবং অপর একজনের বয়স আনুমানিক পঞ্চাশের কোঠায়। এ দুর্ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন এবং তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত তিন কিশোর হলেন মুহাম্মদ দানিয়াল আসগর আলী ফারহান প্যাটেল এবং মোহাম্মদ জিব্রাইল মুখতার। তারা সবাই বোল্টনের বাসিন্দা এবং সিলেটের সন্তান বলে জানা গেছে। নিহত ট্যাক্সিচালকের নাম মাসরব আলী তিনি ব্ল্যাকবার্নে বসবাস করতেন এবং তিনিও সিলেটের সন্তান।
দুর্ঘটনার পর থেকে নিহতদের পরিবার স্বজন এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন শোক প্রকাশ করেছে এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছে।
পুলিশ জানিয়েছে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং যেকোনো তথ্য দিতে প্রত্যক্ষদর্শীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
বায়ান্ননিউজ২৪/আবির
প্রবাস থেকে আরো পড়ুন