প্রবাস

ম্যানচেস্টার–সিলেট সরাসরি ফ্লাইট বাতিলে উদ্বেগ জানিয়ে ব্রিটিশ এমপিদের চিঠি

নির্ভরযোগ্য সূত্র বলছে, লাভজনক ও জনস্বার্থসম্পন্ন ম্যানচেস্টার–সিলেট রুট কার্যত বাদ দিয়ে সরকার নতুন করে ঢাকা–করাচি ফ্লাইট চালু করছে।

প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬ ১৪:৪৬

বোয়িং ৭৮৭

যুক্তরাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের বাংলাদেশি অধ্যুষিত এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যানচেস্টার–সিলেট সরাসরি ফ্লাইট কার্যত স্থগিত হয়ে যাওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বুকিং সিস্টেম থেকে ফেব্রুয়ারি ২০২৬ এর পরের সব ফ্লাইট হঠাৎ করে সরিয়ে নেওয়া হলেও এ বিষয়ে বাংলাদেশ সরকার কিংবা বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি।

এই পরিস্থিতিতে গ্রেটার ম্যানচেস্টার ও উত্তর পশ্চিম ইংল্যান্ডের একাধিক সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়ে বিমান বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়েছেন। চিঠিতে স্বাক্ষর করেছেন রচডেলের এমপি পল ওয়াহ, ম্যানচেস্টার রাশহোমের এমপি আফজাল খান, গর্টন ও ডেন্টনের এমপি অ্যান্ড্রু গুইন, ওল্ডহ্যাম ওয়েস্ট চ্যাডারটন ও রয়টনের এমপি জিম ম্যাকমাহন, ওল্ডহ্যাম ইস্ট ও স্যাডলওয়ার্থের এমপি ডেবি আব্রাহামস, ওয়ারিংটন সাউথের এমপি সারাহ হল, স্টকপোর্টের এমপি নবেন্দু মিশ্রা এবং ম্যানচেস্টার উইথিংটনের এমপি জেফ স্মিথসহ আরও অনেকে।

এমপিরা তাদের চিঠিতে উল্লেখ করেন, ম্যানচেস্টার–সিলেট রুটটি যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ বাংলাদেশি কমিউনিটির জন্য একটি অপরিহার্য যোগাযোগ মাধ্যম। অসুস্থ আত্মীয়ের খোঁজ নেওয়া, জরুরি পারিবারিক প্রয়োজনে যাতায়াত এবং চিকিৎসাজনিত কারণে এই সরাসরি ফ্লাইটের ওপর হাজার হাজার মানুষ নির্ভরশীল। বিকল্প হিসেবে লন্ডন বা মধ্যপ্রাচ্য হয়ে যাতায়াত অনেক বেশি ব্যয়বহুল এবং অনেকের জন্য শারীরিকভাবে কষ্টকর।

চিঠিতে আরও বলা হয়, ফ্লাইট স্থগিতের বিষয়ে কোনো আগাম ঘোষণা বা জনসমক্ষে ব্যাখ্যা না থাকায় উদ্বেগ আরও বেড়েছে। এমপিরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে রুটটির বর্তমান অবস্থা, স্থগিতের কারণ এবং এটি রক্ষায় কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জরুরি ভিত্তিতে স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন।

প্রবাসী কমিউনিটি ও সংশ্লিষ্ট মহলের অভিযোগ, এই সংকটের নেপথ্যে রয়েছে সরকারের চরম অদক্ষতা ও অগ্রাধিকারহীন সিদ্ধান্ত। নির্ভরযোগ্য সূত্র বলছে, লাভজনক ও জনস্বার্থসম্পন্ন ম্যানচেস্টার–সিলেট রুট কার্যত বাদ দিয়ে সরকার নতুন করে ঢাকা–করাচি ফ্লাইট চালু করছে। বিমানের সীমিত বহর ও অপারেশনাল সক্ষমতা সেই রুটে সরিয়ে নেওয়ায় প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ এই ফ্লাইটটি বলি দেওয়া হয়েছে।

কমিউনিটি নেতারা বলছেন, এটি শুধু একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নয় বরং প্রবাসী নাগরিকদের প্রতি রাষ্ট্রীয় দায়িত্বে চরম অবহেলার প্রতিফলন। একটি রাষ্ট্রীয় বিমান সংস্থার প্রধান কাজ হওয়া উচিত নিজ দেশের জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া। অথচ এখানে দেখা যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ উপেক্ষা করে ভিন্ন দেশের রুটকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এ বিষয়ে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো স্বচ্ছ বক্তব্য না আসায় ক্ষোভ আরও ঘনীভূত হচ্ছে। প্রবাসী বাংলাদেশিরা অবিলম্বে ম্যানচেস্টার–সিলেট সরাসরি ফ্লাইট পুনর্বহাল এবং এই সিদ্ধান্তের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন, এই অবহেলা চলতে থাকলে সরকারের সঙ্গে প্রবাসী জনগোষ্ঠীর আস্থার সংকট আরও গভীর হবে।

বায়ান্ননিউজ২৪/এডিটর ইন চীফ 

প্রবাস থেকে আরো পড়ুন