প্রবাস

যুক্তরাজ্য ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬ ১৮:২৫

যুক্তরাজ্য ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (৪ জানুয়ারি) লন্ডনে আয়োজিত এ সভায় সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সজীব ভূইয়া, ফখর কামাল জোয়েল ও ফয়েজ আহমেদের যৌথ পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ, সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান এবং আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিটি সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রলীগ সবসময় সাহসী ও দায়িত্বশীল ভূমিকা রেখে এসেছে।

আলোচনা সভা থেকে বক্তারা দখলদার ইউনুস সরকারের অপশাসন, গণতন্ত্রহীনতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে আওয়ামী লীগকে বাদ দিয়ে আয়োজিত যে কোনো জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দেন তারা।

বক্তারা বলেন, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচনই জনগণের প্রকৃত ভোটাধিকার ও গণতন্ত্রের প্রতিফলন ঘটাতে পারে না। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে প্রবাস থেকেও সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

বায়ান্ননিউজ২৪/এডিটর

প্রবাস থেকে আরো পড়ুন