প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ ০৪:০৪
এক ফ্রেমে আয়োজকবৃন্দ
শাহী ঈদগাহ প্রবাসী সমিতি ইউকের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় উৎসব ও ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় পূর্ব লন্ডনের আইভি ইভেন্ট সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত শাহী ঈদগাহ এলাকার প্রবাসীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি–পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহী ঈদগাহ প্রবাসী সমিতি ইউকের সভাপতি সিদ্দেক আহমেদ মজনু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মহিলা সম্পাদক বদরুন সেলিনা চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আকদাস আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা আলীমুজ্জামান, জুনেদ খান, পারভেজ কোরেশি, সভাপতি সিদ্দেক আহমেদ মজনু এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী সুমন। বক্তারা সংগঠনের দীর্ঘদিনের কার্যক্রম তুলে ধরে প্রবাসে ঐক্য ও সামাজিক বন্ধন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলর আক্তারুল আলম ও কাউন্সিলর আলিন এলারাইস, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বদরুজ্জামান সেলিম, ফারহানা জামান এবং নুরুন নাহার হেনা। তাঁদের বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা, প্রবাসে ঐক্য এবং নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখার গুরুত্ব উঠে আসে।
তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করে বক্তব্য দেন তানজিনা জামান, মুন্তাহা রহমান, ইয়াফি চৌধুরী, ফারিহা আহমেদ ও আকদাস আহমেদ। তাদের প্রাণবন্ত বক্তব্যে অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের বক্তব্য, যা উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। জনপ্রিয় সংগীতশিল্পী রওশন আরা মনি সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। এছাড়া আলীমুজ্জামান, আতিকুর রহমান ও বদরুজ্জামান সেলিমের পরিবেশনা অনুষ্ঠানের আনন্দ আরও বাড়িয়ে তোলে। আয়োজনের অংশ হিসেবে ছিল র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ।
অনুষ্ঠানে দেশীয় খাবারের আয়োজন ছিল বিশেষ আকর্ষণ, যা অতিথিদের মাঝে উৎসবের আবহ সৃষ্টি করে। পুরো আয়োজনজুড়ে ছিল আন্তরিকতা, সৌহার্দ্য ও প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলার আবহ।

উল্লেখ্য, শাহী ঈদগাহ প্রবাসী সমিতি প্রায় তিন দশক ধরে যুক্তরাজ্যে কমিউনিটির উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সংগঠনটি আরও বৃহৎ পরিসরে সমাজসেবামূলক ও ঐক্যবদ্ধ কার্যক্রম পরিচালনা করবে।
অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের জন্য এক স্মরণীয় মিলনমেলায় পরিণত হয় এবং উপস্থিত সবাই আয়োজনটির ভূয়সী প্রশংসা করেন।
বায়ান্ননিউজ২৪/চৈতী
প্রবাস থেকে আরো পড়ুন