প্রবাস

গ্রিস উপকূলে নৌকা থেকে উদ্ধার ৪৩৭ জন বাংলাদেশি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ ১২:৩৬

গ্রিসের গাভদোস উপকূলের কাছে একটি মাছ ধরার নৌকা থেকে উদ্ধার হওয়া ৫৩৯ জন অভিবাসীর মধ্যে ৪৩৭ জনই বাংলাদেশি। স্থানীয় কোস্টগার্ড লিমেনার্কিও কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

গত শুক্রবার ১৯ ডিসেম্বর ভোরে আগিয়া গ্যালিনির দক্ষিণ উপকূলীয় সমুদ্র এলাকা থেকে অভিবাসীদের উদ্ধার করা হয়। বর্তমানে তাদের গ্রিসের রেথিম্নো শহরের কিত্রেনোসি ভবনে রাখা হয়েছে। সেখানে হেলেনিক কোস্টগার্ড সদস্যদের তত্ত্বাবধানে তাদের নিবন্ধন ও পরিচয় শনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে চারজন নারী ও দুটি শিশু রয়েছে। বাকিরা সবাই পুরুষ। রেথিম্নোর কোস্টগার্ড প্রধান কিরিয়াকোস পাত্তাকোস জানান, নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন মূল লক্ষ্য মানবপাচারকারী চক্রকে শনাক্ত করা এবং অভিবাসীদের দ্রুত অন্যত্র স্থানান্তর করা।

রেথিম্নো পৌরসভার উপমেয়র নাগরিক সুরক্ষা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ইয়োরগোস স্কোরদিলিস বলেন, এত বিপুলসংখ্যক অভিবাসী সামাল দেওয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো রেথিম্নোর নেই। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয়ের ঘাটতির কারণে স্থানীয় প্রশাসন চাপের মুখে পড়েছে। আলোচনা শেষে সিদ্ধান্ত হয়েছে, আজ সোমবার ৩০০ জন অভিবাসীকে অন্য স্থানে স্থানান্তর করা হবে। বাকিদের আগামী সপ্তাহে সরিয়ে নেওয়া হবে।

জাতীয়তা বিশ্লেষণে দেখা গেছে, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ৪৬ জন পাকিস্তানি, ৩৪ জন মিসরীয়, ১২ জন ইরিত্রীয় যাদের মধ্যে চারজন নারী ও দুটি শিশু রয়েছে, পাঁচজন সোমালি এবং সুদান, ইয়েমেন ও ফিলিস্তিনের নাগরিকও রয়েছেন।

কর্তৃপক্ষের ধারণা, মানবপাচারকারী চক্রের সহায়তায় তারা লিবিয়ার পূর্বাঞ্চল থেকে অন্তত ৩৬ ঘণ্টার ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছান।

এ বিষয়ে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো দূতাবাসকে কিছু জানানো হয়নি।

বায়ান্ননিউজ২৪/আবির

প্রবাস থেকে আরো পড়ুন