প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৫
বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ডেইলি নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রতিনিধিত্বশীল সাংবাদিক সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব।

সংগঠনের প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ এবং ট্রেজারার সালেহ আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া, দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে ভাঙচুর এবং সম্পাদক ও সাংবাদিকদের ওপর সাম্প্রতিক ন্যক্কারজনক হামলার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন এবং তীব্র নিন্দা জানাচ্ছেন।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যম, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারের ওপর সরাসরি আঘাত। একই সঙ্গে এটি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে একটি গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ হামলার শিকার গণমাধ্যম প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই সংকটময় সময়ে লন্ডন বাংলা প্রেস ক্লাব তাদের পাশে রয়েছে। পাশাপাশি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তারা।
একই বিবৃতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, ওসমান হাদি গণতন্ত্রের জন্য নিবেদিত এক সাহসী সৈনিক ছিলেন। তার সংগ্রামী জীবন ও আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি ও নেপথ্যের নির্দেশদাতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বিবৃতিতে বর্তমান সংকটময় পরিস্থিতিতে সবাইকে সংযম, ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, হামলা বা অগ্নিসংযোগের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো যায় না। বরং তা তাদের প্রতি অশ্রদ্ধারই শামিল।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতারা আরও বলেন, বাংলাদেশে নানা মতাদর্শের গণমাধ্যম রয়েছে। ভিন্নমতের সঙ্গে যুক্তি ও তর্কের মাধ্যমে মত প্রকাশের সুযোগ ও অধিকার থাকবে। কিন্তু সহিংস আক্রমণ কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না।
বায়ান্ননিউজ২৪/এডিটর ইন চীফ
প্রবাস থেকে আরো পড়ুন