নিজেদের মাটিতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ‘ডি’ গ্রুপের ম্যাচে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে স্বাগতিকরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। সপ্তম মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচ ও ওয়েস্টন ম্যাককেনির আক্রমণ ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন প্যারাগুয়ের ডিফেন্ডার ববাডিয়া। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় স্বাগতিকরা।
৩১তম মিনিটে পুলিসিচের দারুণ পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড ফোলারিন বালোগুন। বিরতির ঠিক আগে যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোল করে যুক্তরাষ্ট্রকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধে ৭৩তম মিনিটে মাউরিসিও একটি গোল শোধ করে প্যারাগুয়েকে কিছুটা আশা দেখালেও ম্যাচে ফিরতে পারেনি দক্ষিণ আমেরিকার দল। যোগ করা সময়ের অষ্টম মিনিটে বদলি হিসেবে নামা জিও রেইনা চতুর্থ গোল করে যুক্তরাষ্ট্রের বড় জয় নিশ্চিত করেন।
এই জয়ে বিশ্বকাপের শুরুতেই গ্রুপ ‘ডি’-তে শক্ত অবস্থান তৈরি করল স্বাগতিক যুক্তরাষ্ট্র। অন্যদিকে প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরে চাপে পড়ে গেল প্যারাগুয়ে।
ক্রীড়াঙ্গন থেকে আরো পড়ুন