ক্রীড়াঙ্গন

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

প্রকাশ: ২০ মে ২০২৬ ১২:১০

দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। সিলেট টেস্টে ৭৮ রানের জয় তুলে নিয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে টাইগাররা। ঘরের মাঠে এই প্রথমবার টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে ধবলধোলাই করল বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম দিনের শুরুতে কিছুটা প্রতিরোধ গড়েছিল পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খানের জুটিতে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম আবারও হয়ে ওঠেন দলের ভরসা।

দিনের শুরুতে রিজওয়ানের একটি সহজ ক্যাচ হাতছাড়া করেন মেহেদী হাসান মিরাজ। এরপর রিজওয়ান ও সাজিদ খান দ্রুত রান তুলতে থাকেন। তবে গুরুত্বপূর্ণ সময়ে সাজিদ খানকে ফিরিয়ে জুটি ভাঙেন তাইজুল। ৩৬ বলে ২৮ রান করে সাজিদ বিদায় নিলে ম্যাচে ফের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গিয়েছিলেন রিজওয়ান। কিন্তু ৯৪ রানে তাকে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। এরপর দ্রুত শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। ৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীরা অলআউট হয় ৩৫৮ রানে।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন তাইজুল ইসলাম। ৩৪.২ ওভারে ১২০ রান দিয়ে ৬ উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। এছাড়া নাহিদ রানা নেন দুটি উইকেট। শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ পান একটি করে উইকেট।

এর আগে ম্যাচে প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে বাংলাদেশ তোলে ২৭৮ রান। জবাবে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ৩৯০ রান। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৭ রান।

মিরপুরে প্রথম টেস্ট জয়ের পর সিলেটেও দুর্দান্ত ক্রিকেট উপহার দিল টাইগাররা। ব্যাটিং, বোলিং ও দলীয় পারফরম্যান্সে পুরো সিরিজজুড়েই পাকিস্তানের ওপর আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ।

ক্রীড়াঙ্গন থেকে আরো পড়ুন