বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।
মঙ্গলবার (৫ মে) প্রকাশিত হালনাগাদ র্যাঙ্কিং অনুযায়ী, শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
আইসিসির প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ২২৫, যা আগের তুলনায় এক পয়েন্ট বেশি। অন্যদিকে ৬ পয়েন্ট হারিয়ে ২২১ রেটিং নিয়ে নবম স্থানে নেমে গেছে শ্রীলঙ্কা।
র্যাঙ্কিংয়ের এই পরিবর্তনে সাম্প্রতিক পারফরম্যান্স বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ ড্র করায় পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ দল, যার নেতৃত্বে রয়েছেন লিটন দাস।
আইসিসির হিসাব পদ্ধতি অনুযায়ী, ২০২৫ সালের মে মাসের পর খেলা ম্যাচগুলোর ১০০ শতাংশ রেটিং পয়েন্ট গণনা করা হয়েছে, আর আগের দুই বছরের ম্যাচগুলো বিবেচনা করা হয়েছে ৫০ শতাংশ হারে।
র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারত, তাদের রেটিং ২৭৫। এরপর রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের ঠিক নিচে দশম স্থানে রয়েছে আফগানিস্তান (২২০)। এছাড়া জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড যথাক্রমে ১১ ও ১২ নম্বরে অবস্থান করছে।
তবে বিশ্লেষকদের মতে, র্যাঙ্কিংয়ে অগ্রগতি ইতিবাচক হলেও ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ। বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত সাফল্য ছাড়া এই অবস্থান ধরে রাখা কঠিন হতে পারে।
অন্যদিকে, নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে দশম স্থানে। অধিনায়ক নিগার সুলতানা-এর নেতৃত্বে দলটির রেটিং ১৯৯। এ তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া।
ক্রীড়াঙ্গন থেকে আরো পড়ুন