খুদে ক্রীড়াবিদদের উচ্ছ্বাস, দর্শকে ভরা গ্যালারি আর উৎসবমুখর পরিবেশে সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। প্রধানমন্ত্রী তারেক রহমান এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন।
শুক্রবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী প্রতিভা অন্বেষণের এই জাতীয় কর্মসূচির যাত্রা শুরু করেন। উদ্বোধনের সময় দেশের বিভিন্ন জেলা স্টেডিয়াম থেকেও ভার্চুয়ালি যুক্ত ছিল শিশু-কিশোর ক্রীড়াবিদরা।
দীর্ঘদিন পর ‘নতুন কুঁড়ি’ নামটি আবারও ফিরেছে জাতীয় পরিসরে। তবে এবার সাংস্কৃতিক মঞ্চ নয়, ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মের প্রতিভা খুঁজে বের করার লক্ষ্য নিয়েই শুরু হয়েছে এ আয়োজন। সরকার সংশ্লিষ্টরা বলছেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তারই বাস্তব রূপ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিভাগের স্বনামধন্য ক্রীড়াবিদরা অংশ নেন। ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলার তারকারা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে উপস্থিত ছিলেন। তাদের অনেকেই এই আয়োজনের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সরকার খেলাধুলাকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে। ইতোমধ্যে ক্রীড়া কার্ড ও ক্রীড়াভাতা চালু করা হয়েছে, যাতে প্রতিভাবান খেলোয়াড়রা আর্থিক সহায়তা পায় এবং খেলাধুলায় আরও উৎসাহিত হয়।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই ঢাকার বাইরে থেকে এই আয়োজনের সূচনা করা হয়েছে। দেশের সব অঞ্চলের শিশুদের সমান সুযোগ দিতে সিলেটকে উদ্বোধনী ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়।
১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের নিয়ে আটটি খেলায় প্রতিযোগিতা হবে। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জেলা, বিভাগীয় ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, সাঁতার, অ্যাথলেটিক্স, দাবা ও মার্শাল আর্টকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই কর্মসূচিতে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সারাদেশ থেকে প্রায় ১ লাখ ৬৮ হাজার শিশু-কিশোর নিবন্ধন করেছে। এর মধ্যে ছেলে প্রতিযোগীর সংখ্যা বেশি হলেও মেয়েদের অংশগ্রহণও উল্লেখযোগ্য।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই আয়োজন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুন প্রতিভা তুলে আনবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করবে।
ক্রীড়াঙ্গন থেকে আরো পড়ুন