প্রবাস

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্রী নিখোঁজ: ৫ দিনেও মেলেনি সন্ধান

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ ১২:৪৭

নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির এখনো কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের পাঁচ দিন পার হলেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, যা পরিবার ও সহপাঠীদের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়েছে।

জানা গেছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক এই শিক্ষার্থী বর্তমানে University of South Florida-এ স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছিলেন।

সহপাঠী ও বিভাগীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার এবং ওই সহপাঠীর মোবাইল ফোন বন্ধ রয়েছে।

ঘটনার পরপরই বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয় পুলিশ ও স্টেট পুলিশ যৌথভাবে তদন্ত চালাচ্ছে। প্রাথমিকভাবে ফোন ট্র্যাকিংয়ে সর্বশেষ অবস্থান ক্যাম্পাসের ভেতরে পাওয়া গেলেও এরপর আর কোনো সূত্র পাওয়া যায়নি।

এ ঘটনায় Federal Bureau of Investigation (এফবিআই)-কে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে কনস্যুলেট সূত্রে জানা গেছে। মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে আশপাশের হাসপাতাল, বিমানবন্দর ও ডিটেনশন সেন্টারগুলোতেও খোঁজ নিয়েছে, তবে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।

পরিবার জানায়, নিখোঁজ হওয়ার আগে সর্বশেষ গত বৃহস্পতিবার বৃষ্টির সঙ্গে তাদের কথা হয়। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি।

সহপাঠীরা বলছেন, নির্ভরযোগ্য কোনো তথ্য না পাওয়ায় তাদের উদ্বেগ বাড়ছে। দ্রুত বৃষ্টির সন্ধান পেতে তারা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চেয়ারম্যান জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে তাকে দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে।

এদিকে পরিবার, বন্ধু ও সহপাঠীরা বৃষ্টির নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবার কাছে দোয়া ও সহায়তা চেয়েছেন।

প্রবাস থেকে আরো পড়ুন