রাজনীতি

‘সিইসি শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন’—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ ২২:৫৪

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধানের বাইরে গিয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম বিতরণ সম্পূর্ণ অবৈধ।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার উত্থাপিত মুলতবি প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রের সংবিধান রক্ষার শপথ নিয়েছেন। কিন্তু কোনো আইনি ভিত্তি ছাড়াই তিনি সংসদ সচিবালয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম পাঠিয়েছেন, যা তার এখতিয়ারের বাইরে। এর মাধ্যমে তিনি শপথ ভঙ্গ করেছেন এবং সংবিধান লঙ্ঘন করেছেন।

তিনি আরও বলেন, সংসদ সদস্যদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যে ব্যালট দিয়েছে, সেখানে এমন কোনো পরিষদের সদস্য হওয়ার বিষয় ছিল না। জনগণ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছে, কোনো অজ্ঞাত পরিষদের সদস্য হিসেবে নয়।

গত বছরের জারি করা ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫’ প্রসঙ্গে তিনি বলেন, এটি শুরু থেকেই বাতিলযোগ্য একটি আদেশ। সংবিধানের বিধান অনুযায়ী ১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এমন আদেশ জারির ক্ষমতা নেই। ফলে ওই আদেশের ভিত্তিতে কোনো কার্যক্রম পরিচালনা আইনগতভাবে টেকসই নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এই আদেশটি অন্তর্বর্তী সরকারের একটি ‘প্রতারণার দলিল’ এবং এটি সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্নের চেষ্টা।

এ সময় বিএনপি সংস্কারবিরোধী—এমন প্রচারণাকে বিভ্রান্তিকর উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ’-এর বিষয়গুলো তারা ধারণ করেন, তবে যেকোনো সংস্কার সংবিধানসম্মত ও জনগণের সার্বভৌমত্ব বজায় রেখেই করতে হবে।

তিনি জানান, সনদের বিভিন্ন বিষয় নিয়ে ভবিষ্যতে সংসদে বিস্তারিত আলোচনা হবে এবং জনগণের ম্যান্ডেট অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজনীতি থেকে আরো পড়ুন