রাজনীতি

১০০ দিনে ৬০৫ হত্যাকাণ্ড, সংসদে রুমিন ফারহানার উদ্বেগ

প্রকাশ: ০৮ জুন ২০২৬ ২১:৩৭

ছবি: সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সরকারের প্রথম ১০০ দিনে হত্যা, অপহরণ, ছিনতাই ও নারী-শিশু নির্যাতনের ঘটনা উল্লেখ করে তিনি পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন।

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ৭১ বিধিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

রুমিন ফারহানা বলেন, বিভিন্ন গবেষণা ও পর্যবেক্ষণ প্রতিবেদনে উঠে আসা তথ্য অনুযায়ী সরকারের প্রথম ১০০ দিনে দেশে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি দাবি করেন, মার্চ ও এপ্রিল মাসে দেশে ৬০৫টি হত্যাকাণ্ড, ১৯৬টি অপহরণ, ২৯৪টি ছিনতাই এবং ৯০টি ডাকাতির ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের ওপর ১২৯টি হামলা এবং ২ হাজার ২১৪টি চুরির ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

নারী ও শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তার ভাষ্য অনুযায়ী, আলোচিত সময়ে নারী ও শিশু নির্যাতনের ৩ হাজার ৪৯৬টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ধর্ষণ, গণধর্ষণ এবং শিশু ধর্ষণের একাধিক ঘটনা রয়েছে, যা দেশের সামাজিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

সংসদে বক্তব্যে রুমিন ফারহানা বলেন, একটি সরকারের সাফল্য বা ব্যর্থতার বড় অংশ নির্ভর করে অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর। এই দুই খাতই সরকারের সামগ্রিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মনে করেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী নিরাপদ পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। তাই অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

রাজনীতি থেকে আরো পড়ুন