রাজনীতি

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ১০ জুন ২০২৬ ০৪:১২

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়ে চলমান বিতর্কে ধর্মীয় আবেগকে রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, একইভাবে জামায়াতে ইসলামীও ইসলাম নয়। তাই কোনো প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা বা সমালোচনাকে ইসলামের ওপর আঘাত হিসেবে উপস্থাপন করা উচিত নয়।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ৬৮ বিধিতে উত্থাপিত এক নোটিশের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংককে ঘিরে যেসব বক্তব্য ও আন্দোলন দেখা যাচ্ছে, সেখানে ধর্মীয় অনুভূতিকে সামনে আনার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু একটি ব্যাংক বা রাজনৈতিক সংগঠনকে ইসলামের সমার্থক হিসেবে তুলে ধরা সঠিক নয়।

তিনি আরও বলেন, অতীতে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী ইসলামী ব্যাংকের ওপর প্রভাব বিস্তার করেছিল। বর্তমানে সেই প্রভাব কমে যাওয়ায় বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করছে। তবে ব্যাংকিং খাতের বিষয়কে ধর্মীয় ইস্যুতে রূপ দেওয়া অনুচিত।

সংসদে বক্তব্যকালে তিনি অভিযোগ করেন, ইসলামী ব্যাংককে কেন্দ্র করে যেসব আন্দোলন বা কর্মসূচি দেখা যাচ্ছে, সেগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। আন্দোলনকারীদের পরিচয় ও সংশ্লিষ্টতা খতিয়ে দেখার আহ্বানও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ব্যাংকের গ্রাহকদের স্বার্থ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অপপ্রচার জনগণের মধ্যে অযথা উদ্বেগ সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, ব্যাংকিং খাতের বিষয়গুলোকে পেশাদার ও আর্থিক দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা প্রয়োজন। ধর্মীয় অনুভূতি বা রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে বিভাজন তৈরি না করে বাস্তব পরিস্থিতির আলোকে আলোচনা হওয়া উচিত।

রাজনীতি থেকে আরো পড়ুন