ফিফা বিশ্বকাপে হিউস্টনের মাঠে সুইডেনকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস।
শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া এই ম্যাচে ডাচদের হয়ে জোড়া গোল করেন ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো, আর একটি গোল আসে ক্রিসেনসিও সামারভিলের পা থেকে। সুইডেনের একমাত্র গোলটি করেন অ্যান্থনি এলাঙ্গা।
ম্যাচ শুরুর মাত্র ৫ মিনিটের মধ্যেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। কোডি গাকপোর নিখুঁত পাস থেকে গোল করেন সান্ডারল্যান্ড ফরোয়ার্ড ব্রায়ান ব্রবি। এর ১২ মিনিট পর, অর্থাৎ ১৭ মিনিটের মাথায়, ডেনজেল ডামফ্রিসের বাড়ানো পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি— জাতীয় দলের জার্সিতে যা তার তৃতীয় গোল।
বিরতির পর খেলায় ফিরেই ব্যবধান আরও বাড়ায় ডাচরা। ৪৭ মিনিটে ডামফ্রিসের সহায়তায় গোল করেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো, আর ৫৪ মিনিটে দারুণ এক শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তিনি।
ম্যাচের ৫৯ মিনিটে প্রতি-আক্রমণ থেকে সুইডেনের পক্ষে একমাত্র গোলটি করেন অ্যান্থনি এলাঙ্গা। তবে শেষ দিকে ৮৭ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে নেদারল্যান্ডসের পঞ্চম গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল, যা ম্যাচের চূড়ান্ত ব্যবধান নির্ধারণ করে দেয়।
এই বিশাল জয়ে গ্রুপ 'এফ'-এর শীর্ষস্থানে উঠে এসেছে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করা দলটির জন্য এই জয় বিশ্বকাপ অভিযানে বড় স্বস্তির বার্তা। অন্যদিকে সুইডেন এর আগে প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়েছিল, কিন্তু এই হারে তাদের পরের রাউন্ডের সমীকরণ এখন আরও জটিল হয়ে গেল।
ক্রীড়াঙ্গন থেকে আরো পড়ুন