প্রকাশ: ২০ জুন ২০২৬ ০৩:৩৯
আলোচিত ছাত্রনেতা মাহফুজ আলম
জুলাই আন্দোলনের রাজনৈতিক কৌশল, মধ্যবিত্তের ভূমিকা এবং রাষ্ট্রকাঠামো নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরে জুলাইপন্থীদের প্রতি নতুন করে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।
শুক্রবার (১৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জুলাইপন্থীরা মধ্যবিত্তের রাজনৈতিক অর্থনীতি ও সাংস্কৃতিক বাস্তবতাকে যথাযথভাবে মূল্যায়ন করতে পারেননি। এর ফলে সময়ের সঙ্গে সঙ্গে ঢাকা ও মফস্বলাঞ্চলে তাদের সামাজিক ও রাজনৈতিক মিত্রতার পরিধি সংকুচিত হয়েছে।
মাহফুজ আলমের ভাষ্য, বিপ্লব বা রাষ্ট্র রূপান্তরের ধাপ সঠিকভাবে না বুঝে কিছু জ্যেষ্ঠ ব্যক্তির পরামর্শে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তবে যারা এসব পরামর্শ দিয়েছেন, তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হননি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, মধ্যবিত্তের সক্রিয় অংশগ্রহণ না থাকলে জুলাই আন্দোলন বড় ধরনের গণআন্দোলনে পরিণত হতো না। তার মতে, এই শ্রেণির সম্পৃক্ততাই আন্দোলনের বিস্তৃতি ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করেছে।
জাতীয়তাবাদ প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, বাংলাদেশের মধ্যবিত্তের রাজনৈতিক প্রশ্ন মোকাবিলায় এখন পর্যন্ত বাঙালি জাতীয়তাবাদই তুলনামূলকভাবে কার্যকর ভূমিকা রাখতে পেরেছে। অন্যদিকে বাংলাদেশি জাতীয়তাবাদও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, গত ১৬ বছরের রাজনৈতিক বাস্তবতা সেই ব্যর্থতার প্রমাণ বহন করে।
পোস্টের শেষাংশে জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলম বলেন, এখনো সময় আছে সর্বোচ্চ পরিসরে রাজনৈতিক ও সামাজিক মিত্রতা গড়ে তুলে জুলাইয়ের রাষ্ট্রকল্পকে সামনে এগিয়ে নেওয়ার।
সোশ্যাল মিডিয়া থেকে আরো পড়ুন