ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের লন্ডনের পশ্চিমাঞ্চলীয় হোয়াইট সিটি এলাকায় একটি একতলা প্যাভিলিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড।
ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ড ওয়ে এলাকায় আগুন লাগার খবর পেয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে প্রথম জরুরি কল আসে। ঘটনাস্থলটি ছিল কুইন্স পার্ক রেঞ্জার্স ফুটবল ক্লাবের মাঠ লফটাস রোডের কাছেই। এরপর ঘটনাস্থলে ১৫টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ১০০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়।
ফায়ার ব্রিগেডের সহকারী কমিশনার প্যাট গুলবোর্ন ঘটনাস্থল থেকে জানান, আগুনে একতলা প্যাভিলিয়নটির অর্ধেকের বেশি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার অভিযানে তিনজন পুরুষকে ভবন থেকে বের করে এনে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্যারামেডিকরা ঘটনাস্থলেই চিকিৎসা দেন। তাদের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। অপর একজনকে আরও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও পরে তিনিও মারা যান।
ফায়ার ব্রিগেড আরও জানায়, মোট ১৯টি জরুরি কল পাওয়া গেছে। নর্থ কেনসিংটন, অ্যাক্টন, চিসউইক ও আশপাশের ফায়ার স্টেশনগুলো থেকে দলগুলো ঘটনাস্থলে পাঠানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ঘটনাটি তদন্ত করছে লন্ডন ফায়ার ব্রিগেডের বিশেষ অগ্নি তদন্তকারী কর্মকর্তারা, এবং তাদের সহযোগিতায় কাজ করছে মেট্রোপলিটান পুলিশ সার্ভিসও।
বিশ্ব থেকে আরো পড়ুন