বিশ্ব

ব্রিটেনের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ব্যাপক কর্মী ছাঁটাই করছে

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৭

ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার (JLR) কর্মীদের জন্য স্বেচ্ছা অবসর বা স্বেচ্ছায় চাকরি ছাড়ার কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছে। বিশ্ববাজারের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানো এবং ব্যয় কমানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি জানায়, আগামী দুই বছরে প্রায় ১.৭ বিলিয়ন পাউন্ড ব্যয় কমানোর লক্ষ্য রয়েছে তাদের। এর অংশ হিসেবে বেতনভুক্ত কর্মী ও ব্যবস্থাপনা পর্যায়ের সদস্যদের স্বেচ্ছায় প্রতিষ্ঠান ছাড়ার সুযোগ দেওয়া হবে।

তবে ঠিক কতজন কর্মী চাকরি হারাতে পারেন, সে বিষয়ে এখনো কোনো সংখ্যা নিশ্চিত করেনি JLR। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে প্রায় ৪ হাজার চাকরি কমে যাওয়ার সম্ভাবনার কথা বলা হলেও JLR জানিয়েছে, তারা এ সংখ্যা নিশ্চিত করেনি।

প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, সাংগঠনিক কাঠামো আরও সহজ করা, দক্ষতা বাড়ানো এবং ভবিষ্যতের জন্য ব্যবসাকে আরও স্থিতিশীল ও সক্ষম করে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মীদের পাশাপাশি ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদেরও বিষয়টি জানানো হয়েছে।

শ্রমিক সংগঠন ইউনাইটের সাধারণ সম্পাদক শ্যারন গ্রাহাম বলেন, ব্রিটেনের গাড়ি শিল্প দীর্ঘদিন ধরেই নানা চাপের মধ্যে রয়েছে। শুল্ক, বাজার পরিস্থিতি ও বিক্রি কমে যাওয়ার প্রভাব মোকাবিলায় কর্মসংস্থান রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

ইউনাইটের জাতীয় কর্মকর্তা ডেস কুইন বলেন, JLR-এর কর্মীদের জন্য এটি অত্যন্ত উদ্বেগ ও চাপের সময়। শ্রমিকদের স্বার্থ রক্ষায় সংগঠনটি সর্বোচ্চ চেষ্টা করছে।

এদিকে ব্রিটিশ সরকার জানিয়েছে, দেশটির গাড়ি শিল্পকে সহায়তা দিতে বিদ্যুৎ খরচ কমানো এবং শূন্য নির্গমনকারী যানবাহন উৎপাদন ও বিক্রিতে আর্থিক সহায়তাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যবসা ও কর্মীদের সহায়তার বিষয়েও সরকারের পক্ষ থেকে JLR কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

JLR-এর যুক্তরাজ্যে প্রায় ৩০ হাজার কর্মী রয়েছে। প্রতিষ্ঠানটির বৈশ্বিক সদর দপ্তর কভেন্ট্রিতে। সলিহাল, উলভারহ্যাম্পটন ও মার্সিসাইডের হ্যালউডে তাদের গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র রয়েছে। বিদেশের বিভিন্ন কারখানায় আরও প্রায় ১০ হাজার কর্মী কাজ করেন।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে ভয়াবহ সাইবার হামলার কারণে JLR-এর উৎপাদন কার্যক্রম কয়েক সপ্তাহ বন্ধ ছিল। ওই সময় প্রতিষ্ঠানটির কোনো কারখানা থেকেই গাড়ি উৎপাদন সম্ভব হয়নি। এর ফলে সামগ্রিক উৎপাদন প্রায় ২৭ শতাংশ কমে যায় এবং সাইবার হামলা ও পরবর্তী উৎপাদন বন্ধের কারণে মোট ক্ষতির পরিমাণ আনুমানিক ১.৯ বিলিয়ন পাউন্ডে পৌঁছায়।

চলমান সংকট কাটিয়ে ওঠা এবং ব্যবসার পুনর্গঠনের লক্ষ্যে চলতি বছরের জুনে JLR আগামী কয়েক বছরে প্রায় ১.৭ বিলিয়ন পাউন্ড ব্যয় কমানোর পরিকল্পনা ঘোষণা করেছিল। এখন সেই পরিকল্পনার অংশ হিসেবেই স্বেচ্ছা অবসরের কর্মসূচি চালু করা হলো।

বিশ্ব থেকে আরো পড়ুন