বিশ্ব

পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতদের বৈঠক, ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ০২:২৬

ছবি: বিবিসি

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতা জোরদারের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই শীর্ষ আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

শনিবার (৫ সেপ্টেম্বর) মস্কোর ক্রেমলিনে পুতিনের সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রুশ প্রেসিডেন্টের দপ্তর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উইটকফ ও কুশনারকে স্বাগত জানান পুতিন। আলোচনার শুরুতে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি সহজ নয় এবং রাশিয়া কীভাবে বিষয়টি দেখছে, তা মার্কিন প্রতিনিধিদের জানানো হবে।

বৈঠকে উইটকফ রাশিয়া ও ইউক্রেনের রাজধানী কিয়েভ ও মস্কোর ওপর তিন দিনের জন্য হামলা বন্ধে সম্মত হওয়ার জন্য পুতিনকে ধন্যবাদ জানান। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্রেমলিনে বৈঠকটি প্রায় তিন ঘণ্টা ধরে চলে।

শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন, উইটকফ ও কুশনার যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব নিয়ে রাশিয়ায় যাচ্ছেন। তবে আলোচনায় কী ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি এরই মধ্যে মার্কিন দূতদের সঙ্গে কথা বলেছেন। তাঁর ভাষ্য, মার্কিন প্রতিনিধিরা রুশ পক্ষের সঙ্গে কাজ শুরু করেছেন এবং পরদিন কিয়েভে তাঁদের সঙ্গে আরও গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

জেলেনস্কি আরও জানান, শনিবার থেকে সোমবার পর্যন্ত মস্কোয় হামলা না চালানোর বিষয়ে ইউক্রেন প্রস্তুত এবং রাশিয়ার কাছ থেকেও একই ধরনের পদক্ষেপ প্রত্যাশা করছে কিয়েভ।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, মার্কিন প্রতিনিধিদের সফরের প্রস্তুতির মধ্যেই রাশিয়া কিয়েভ ও বোরিসপিলের বিমানবন্দর এলাকায় ‘প্রদর্শনমূলক’ হামলা চালিয়েছে। তাঁর দাবি, ইউক্রেনের ডিনিপ্রো অঞ্চলে একটি বেসামরিক ভবনে রুশ হামলায় চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

ইউক্রেনের আকাশসীমা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকেই বন্ধ রয়েছে। ফলে মস্কো থেকে মার্কিন প্রতিনিধিরা কীভাবে কিয়েভে যাবেন, তা এখনো স্পষ্ট নয়।

উইটকফ ও কুশনার এর আগে একাধিকবার রাশিয়া সফর করলেও এবারই প্রথম তাঁদের ইউক্রেনে যাওয়ার কথা রয়েছে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত দেড় বছর ধরে বিভিন্ন পর্যায়ে আলোচনা চললেও এখন পর্যন্ত স্থায়ী সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

বিশ্ব থেকে আরো পড়ুন