টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে আবারও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। আহমেদাবাদে অনুষ্ঠিত ফাইনালে কিউইদের ৯৬ রানে পরাজিত করে ইতিহাস গড়েছে সূর্যকুমার যাদবের দল।
এই জয়ের মধ্য দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার শিরোপা জয়ের নজির গড়েছে ভারত। একই সঙ্গে তারা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও করেছে।
ভারতের পাহাড়সম সংগ্রহ
ফাইনালে টস জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে কিউই বোলারদের ওপর চাপ তৈরি করেন ভারতের ওপেনাররা।
অভিষেক শর্মা মাত্র ১৮ বলে ফিফটি তুলে নিয়ে দ্রুত রান তোলার ভিত গড়ে দেন। তিনি ২১ বলে ৫১ রান করে আউট হন।
এরপর ক্রিজে নেমে তাণ্ডব চালান সঞ্জু স্যামসন। মাত্র ৪৬ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৮টি ছক্কা।
ইশান কিষাণও দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি ২৫ বলে ৫৪ রান করেন। শেষদিকে শিবম দুবে মাত্র ৮ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত।
নিউজিল্যান্ডের পক্ষে জেমস নিশাম তিনটি উইকেট নেন। ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র একটি করে উইকেট পান।
শুরুতেই ভেঙে পড়ে নিউজিল্যান্ড
২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা।
ফিন অ্যালেন ৯, রাচিন রবীন্দ্র ১, গ্লেন ফিলিপস ৫ এবং মার্ক চ্যাপম্যান ৩ রান করে দ্রুত ফিরে যান।
ওপেনার টিম সেইফার্ট কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও তা যথেষ্ট ছিল না। তিনি ২৬ বলে ৫২ রান করেন। এছাড়া ড্যারেল মিচেল করেন ১৭ রান।
দলনেতা মিচেল স্যান্টনার ৩৫ বলে ৪৩ রান করলেও অন্য কেউ বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ১৫৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন জাসপ্রিত বুমরাহ। মাত্র ১৫ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি।
নতুন ইতিহাস ভারতের
এই জয়ের মাধ্যমে টি–টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করল ভারত। এর আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুটি করে শিরোপা জিতেছিল।
এবার তৃতীয় শিরোপা জিতে ভারত টি–টোয়েন্টি ক্রিকেটে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল।
বায়ান্ননিউজ২৪/আবির
ক্রীড়াঙ্গন থেকে আরো পড়ুন