ইতিহাস ও ঐতিহ্য

মুক্তিযুদ্ধই রাষ্ট্রের জন্মভিত্তি, অন্য আন্দোলনের সঙ্গে তুলনা নয়: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৬ ১৬:৫৫

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম

মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার একমাত্র ভিত্তি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন ও সংগ্রামকে এক করে দেখা সমীচীন নয়।

রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার রাজনৈতিক অপব্যবহার দীর্ঘদিন ধরে চলায় নতুন প্রজন্মের একটি অংশ সঠিক ইতিহাস থেকে দূরে সরে গেছে। মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও আত্মদানের প্রকৃত চিত্র তরুণদের সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্রের জন্মের মূল ভিত্তি হলো মুক্তিযুদ্ধ। এ ভিত্তিকে দুর্বল করার মতো কোনো বিভ্রান্তিকর ব্যাখ্যা বা তুলনা গ্রহণযোগ্য হতে পারে না।

সভায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

মতবিনিময়ে মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইতিহাস ও ঐতিহ্য থেকে আরো পড়ুন