রমনা বটমূলে বোমা হামলা
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ ০২:৪১
রমনার বটমূলে বোমা হামলার পরের দৃশ্য। ফাইল ছবি।
২০০১ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলার ঘটনার ২৫ বছর পার হলেও এখনো একটি মামলার বিচার শেষ হয়নি।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) পরিচালিত ওই হামলায় ১০ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। ঘটনার দিনই হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়।
হত্যা মামলার বিচার সম্পন্ন হলেও বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটি এখনো বিচারাধীন রয়েছে। মামলাটি বর্তমানে ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১৫-এ চলছে।
সর্বশেষ গত ৩১ মার্চ আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য থাকলেও তাদের আদালতে হাজির করা সম্ভব হয়নি। ফলে আগামী ৯ জুলাই নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানিয়েছেন, মামলাটির অধিকাংশ সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে এবং দুই থেকে তিন মাসের মধ্যে বিচার শেষ হতে পারে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মো. ইদি আমিন বলেন, প্রশাসনিক জটিলতা ও নিরাপত্তার কারণ দেখিয়ে আসামিদের আদালতে হাজির না করায় বিচার বিলম্বিত হচ্ছে। দীর্ঘদিন কারাগারে থাকা আসামিদের জন্য দ্রুত বিচার শেষ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এই ঘটনায় হত্যা মামলার রায় ইতোমধ্যে হয়েছে। নিম্ন আদালতের রায়ের পর বাংলাদেশ হাইকোর্ট কিছু আসামির সাজা কমিয়ে দেয়।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালে তদন্ত শেষে ১৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় বিস্ফোরক মামলাটি এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
ইতিহাস ও ঐতিহ্য থেকে আরো পড়ুন