রাজনীতি

দেশ পুনর্গঠনে জনগণের সমর্থন চাইলেন তারেক রহমান

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৬ ২১:৩৮

বক্তব্য রাখছেন তারেক রহমান

বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে জনগণের রায় ও সমর্থন চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার শেষ দিনে সোমবার ৯ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ঢাকা–১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক মাঠে আয়োজিত জনসভায় তিনি এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, আর মাত্র দুদিন পর বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে নির্বাচনের জন্য গত ১৬ বছরে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে। জুলাই আন্দোলনের সময়ও দেশের মানুষ নির্মম সহিংসতার সাক্ষী হয়েছে। এসব ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এবার মানুষের ভোটের মাধ্যমেই পরিবর্তনের সূচনা হতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে মানুষের জীবনমান বদলাতে হবে। বিএনপির ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নের সুযোগ দিলে দলটি জনগণকে সঙ্গে নিয়েই দেশ গঠনের পথে এগোবে। তার ভাষায়, বিএনপির মূল লক্ষ্য দেশ পুনর্গঠন এবং রাষ্ট্রীয় কাঠামোকে শক্ত ভিতের ওপর দাঁড় করানো।

ঢাকা–১৭ আসনের প্রার্থী হিসেবে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এই দেশ আমাদের সবার। যেমন করে নিজের ঘর আমরা নিজেরাই গুছিয়ে রাখি, তেমনি দেশকেও আমাদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে তুলতে হবে। এজন্য তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এর আগে ও পরে বনানীর পথসভা থেকে তিনি রাজধানীর বিভিন্ন আসনে একাধিক নির্বাচনী পথসভায় বক্তব্য দেন। এর মধ্যে ঢাকা–১০ আসনে কলাবাগান ক্রীড়াচক্র মাঠ, ঢাকা–৮ আসনে পীর জঙ্গি মাজার রোড, ঢাকা–৯ আসনে বাসাবো তরুণ সংঘ মাঠ এবং ঢাকা–৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে আয়োজিত পথসভায় তিনি অংশ নেন।

বায়ান্ননিউজ২৪/আইরিন

রাজনীতি থেকে আরো পড়ুন