টিপাইমুখ বাঁধ ইস্যু
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ ১৭:৪৬
ভারতের বরাক নদীতে নির্মিত টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অতীতের কিছু সিদ্ধান্তের কারণেই আজ দেশের জন্য এই সংকট তৈরি হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এদিন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক বরাক নদীর উজানে টিপাইমুখ বাঁধের কারণে সৃষ্ট অকাল বন্যা ও শুষ্ক মৌসুমে পানির সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি পরিবেশগত প্রভাব ও পানির প্রবাহ কমে যাওয়ার বিষয়ে সরকারের অবস্থান জানতে চান।
জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ। এ সমস্যা সমাধানে দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে এবং সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
পরে স্পিকার আলোচনায় অংশ নিয়ে বলেন, টিপাইমুখ বাঁধ নিয়ে অতীতে নানা রাজনৈতিক বিতর্ক থাকলেও বাস্তবতা হলো, পূর্ববর্তী সময়ে নেওয়া সিদ্ধান্তের ফল এখন ভোগ করতে হচ্ছে। তিনি ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে জানান, সে সময়কার কূটনৈতিক অবস্থানের কারণেই এই প্রকল্প এগিয়ে যায়।
সংসদে এ আলোচনা নতুন করে টিপাইমুখ বাঁধের প্রভাব ও দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজনীতি থেকে আরো পড়ুন