রাজনীতি

দেশজুড়ে আন্দোলনের বার্তা জামায়াত আমিরের

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ ১৬:১৬

ডা. শফিকুর রহমান

দেশে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে আন্দোলন শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই আন্দোলনকে ধাপে ধাপে সফলতার দিকে নিয়ে যেতে হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠাই এর মূল লক্ষ্য।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।

সরকারের নীতির সমালোচনা করে তিনি বলেন, গণভোট ইস্যুতে সরকারের অবস্থানে অসঙ্গতি রয়েছে। সংসদে জনগণের পক্ষে কথা বলতে গিয়ে বিরোধী কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, এই আন্দোলন কোনো সুবিধা বা ক্ষমতার জন্য নয়; বরং জনগণের রায় এবং শহীদদের আত্মত্যাগের প্রতিফলন নিশ্চিত করার জন্য।

জামায়াত আমির দাবি করেন, এই আন্দোলন কেবল রাজনৈতিক কর্মী বা শিক্ষার্থীদের নয়, বরং শ্রমজীবীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গড়ে উঠেছে। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ পরিবর্তনের প্রত্যাশায় এই আন্দোলনে যুক্ত হয়েছে।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্দোলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন মাওলানা মামুনুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এলডিপি চেয়ারম্যান অলি আহমদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোট ইস্যু এবং গণতান্ত্রিক কাঠামো নিয়ে মতামত তুলে ধরেন এবং রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

রাজনীতি থেকে আরো পড়ুন