বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম
আবারও রাজপথে নামার প্রস্তুতির কথা জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আন্দোলন কোনো দলীয় ইস্যু নয়; বরং এটি দেশ ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষার প্রশ্ন।
রোববার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও আন্দোলনে অংশগ্রহণকারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আন্দোলনের পক্ষের মানুষদের পাশে থাকার চেষ্টা করা হয়েছিল। তবে বর্তমান সরকার জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের জন্য কী করছে, তা জনগণ দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় গঠিত জুলাই অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম বাস্তবায়নে বর্তমান সরকারের মধ্যে অনীহার লক্ষণ দেখা যাচ্ছে।
আন্দোলনের ডাক দিয়ে তিনি বলেন, “আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি। এটি কোনো দল বা জোটের বিষয় নয়, এটি বাংলাদেশের স্বার্থ ও গণ-অভ্যুত্থানের অর্জন রক্ষার বিষয়। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে শহীদদের আত্মত্যাগ বৃথা না যায়।”
নাহিদ আরও বলেন, আগের আন্দোলনে অনেকেই প্রাণ ও অঙ্গহানি স্বীকার করেছেন। এবার নেতৃত্ব সামনে থেকে দায়িত্ব নেবে উল্লেখ করে তিনি বলেন, “রাজপথে এবার আমরা সামনের সারিতে থাকব।”
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুর রহমান।
অনুষ্ঠানে অংশ নেওয়া বক্তারা জুলাই আন্দোলনের আদর্শ বাস্তবায়ন এবং রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
রাজনীতি থেকে আরো পড়ুন