বিশ্ব

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির ‘খুব কাছাকাছি’, দাবি ট্রাম্পের

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ ০৩:২৭

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরান ও যুক্তরাষ্ট্র একটি সম্ভাব্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান এখন এমন অনেক বিষয়ে নমনীয়তা দেখাচ্ছে, যেগুলোতে তারা আগে রাজি ছিল না।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। তার ভাষায়, সাম্প্রতিক আলোচনায় অগ্রগতি হয়েছে এবং একটি সমঝোতার সম্ভাবনা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে ইরানকে কেন্দ্র করে সংঘাত শুরু হয়। এরপর পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। জর্ডান, ইরাক, সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এই সংঘাতের ফলে শুধু প্রাণহানিই নয়, মধ্যপ্রাচ্যের বিমান চলাচল ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায়ও বড় ধরনের প্রভাব পড়ে। বৈশ্বিক তেলবাজারে অস্থিরতা তৈরি হয় এবং আন্তর্জাতিক বাণিজ্যও চাপের মুখে পড়ে।

বর্তমানে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যার মেয়াদ ২২ এপ্রিল পর্যন্ত। এর মধ্যে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনা হলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

তবে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষ আবারও আলোচনায় বসতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর মধ্যেই ট্রাম্পের ‘চুক্তির খুব কাছাকাছি’ মন্তব্য নতুন করে আলোচনায় গতি এনেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্ব থেকে আরো পড়ুন