রাজনীতি

ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে: জামায়াত আমির

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৩:০৬

সৈকত মাহমুদ : জনগণের সমর্থনে ইনসাফভিত্তিক সরকার গঠিত হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান।

রোববার সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা শফিকুর রহমান বলেন, আল্লাহর মেহেরবানিতে যদি ইনসাফভিত্তিক বাংলাদেশের পক্ষে জনগণের রায় আসে, তাহলে সেই সরকারের একজন মন্ত্রী হিসেবে নাহিদ ইসলামকে দেখা যাবে। তিনি বলেন, সবাই একসঙ্গে হাতে হাত রেখে দেশ গঠনের কাজে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি হচ্ছে ৫ আগস্টের অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের দিন। যারা রক্তের সঙ্গে বেইমানি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না। আজ সারা দেশের মানুষ জেগে উঠেছে। জনগণ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা পুরোনো বন্দোবস্তে আর ফিরতে চায় না এবং পচে যাওয়া রাজনীতি প্রত্যাখ্যান করেছে। মানুষ একটি নতুন বাংলাদেশ ও নতুন রাজনৈতিক ধারার উত্থান দেখতে চায়।

জামায়াত আমির বলেন, আমরা আর জাতিকে মিথ্যা আশ্বাস দেব না। আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, মানুষের জীবন, সম্পদ ও সম্মানের পাহারাদার হবো। আমরা দেশের মালিক হতে চাই না, জনগণের সেবক হয়ে থাকতে চাই। তিনি জানান, জনপ্রতিনিধিদের প্রতি বছর নিজেদের এবং পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী জাতির সামনে প্রকাশ করতে বাধ্য করা হবে।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষের যে কষ্ট তৈরি হয়েছে, তা এখনো কমেনি। এখন আবার নতুন নতুন কার্ডের কথা বলা হচ্ছে। এসবই ভুয়া আশ্বাস। যেমন ১০ টাকার চালের কথা বাস্তব হয়নি, তেমনি এসব কার্ডও বাস্তব হবে না। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ এসব ভুয়া আশ্বাসকে লাল কার্ড দেখাবে বলেও মন্তব্য করেন তিনি।

রাজনীতি থেকে আরো পড়ুন