রাজনীতি

কারাবন্দী আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী রমেশ চন্দ্রের রহস্যজনক মৃত্যু

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৬ ১২:৩৫

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন

দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও ১ আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের মৃত্যু দেশজুড়ে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলছেন, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত রাষ্ট্রীয় অবহেলা ও রাজনৈতিক প্রতিহিংসার ফল।

শনিবার ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে পরিবার ও দলীয় নেতাদের দাবি, কারাগারে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তার মৃত্যু হয়েছে।

কারাগার সূত্র জানায়, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানার পুলিশ রমেশ চন্দ্র সেনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরদিন তাকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি তিনটি মামলায় বন্দি ছিলেন। আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক।

দিনাজপুর জেলা কারাগারের জেলার মো ফরহাদ সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কথা বলা হয়েছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বলছেন, একের পর এক আওয়ামী লীগ নেতাকর্মীর কারাগারে মৃত্যু প্রমাণ করে যে দেশের কারাগারগুলো বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করার জন্য ভয়ংকর স্থানে পরিণত হয়েছে। তারা প্রশ্ন তুলেছেন, এটি কি কেবল মৃত্যু, নাকি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড।

রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন এবং দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যু আওয়ামী লীগের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন দলটির নেতারা।

এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং কারাগারে বন্দি সব আওয়ামী লীগ নেতাকর্মীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি। আওয়ামী লীগ নেতাদের ভাষায়, রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ না হলে এর দায় ইতিহাসে বর্তমান রাষ্ট্রব্যবস্থাকেই বহন করতে হবে।

বায়ান্ননিউজ২৪/আইরিন

রাজনীতি থেকে আরো পড়ুন