ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ‘করব কাজ, গড়ব দেশ’ প্রত্যয়ে ঘোষিত ইশতেহারের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’। এতে মোট ৫১টি দফাকে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী পাঁচ বছরের রাষ্ট্র পরিচালনার রূপরেখা তুলে ধরা হয়েছে।
শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়া তারেক রহমানের এটি প্রথম নির্বাচনী ইশতেহার। ইশতেহারটি পাঁচটি ভাগে বিভক্ত করে উপস্থাপন করা হয় এবং ক্ষমতায় গেলে ৯টি প্রধান প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করা হয়।
ইশতেহারে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে মাসিক আর্থিক সহায়তা, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে ‘কৃষক কার্ড’, স্বাস্থ্য খাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, তরুণদের কর্মসংস্থান, ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু সহনশীলতা জোরদার, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি এবং ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বিএনপি বলছে, এই ইশতেহার শুধু নির্বাচনী অঙ্গীকার নয়, বরং একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। দলটি প্রতিশোধের রাজনীতি নয়, ন্যায়, মানবিকতা ও জনগণের অধিকারকে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে রাখতে চায়। ভোটের মর্যাদা প্রতিষ্ঠা, দুর্নীতি ও বৈষম্যের অবসান এবং আইনের শাসন নিশ্চিত করাই হবে তাদের মূল লক্ষ্য।
ইশতেহারের মৌলিক ভিত্তি হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা রাষ্ট্রদর্শন, বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফাকে উল্লেখ করা হয়। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের আলোকে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত করে বিএনপি।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বায়ান্ননিউজ২৪/আইরিন
রাজনীতি থেকে আরো পড়ুন